বিদ্যেধরী : প্রবীর মুখার্জী



পড়ো পড়ো কেন করো

পড়ার কি আছে শেষ,

অতো পড়া করলে কবে

কখন গড়বো দেশ।


বই পড়ে পাহাড় প্রমান

ডিগ্রি যাদের ঘরে,

ভেবে দেখো কাজ কি শুধু

তারাই করতে পারে।


বাবুই পাখি নিপুন বাসা 

বোনে আপন ঠোঁটে,

বলোতো দেখি তালিম বাবুই

নেয় সে কোন পাঠে।


পাখি উড়ে বিদেশ ঘুরে

আবার যখন ফেরে,

বলোতো পাখি এমন ম্যাপ

কোন গুগুলে পড়ে।


সারি ধরে বাড়ি ফেরে

যায় যেমন করে,

বলোতো পিঁপড়ে শিক্ষা পায়

কোন লাইনে চড়ে।


মৌমাছি তার মধু ভান্ডে

মধু জমিয়ে রাখে,

বলোতো দেখি এমন বিদ্যা

শিখলো কাকে দেখে।


টুকলি ঝেড়ে যারা দেশের

নেতা,মন্ত্রী হলো,

বলোতো দেখি বিদ্যা তারা

কোন পাঠশালাতে পেলো।


কানাই পাগল কবি যখন

লেখে কলম ধরে,

বলোতো কানাই এমন বিদ্যে 

পেলো কেমন করে।


বিদ্যে দিয়ে সবার বিচার

যায় কি করা ব্যক্ত,

কার ভিতরে কেমন আছে

কতটা মনুষ্যত্ব।


মান পেতে হুস হারানো

চাইনা ডিগ্রি নিতে,

এমন বিদ্যে দাওগো যাতে

পারি মানুষ হতে।।

Post a Comment

Previous Post Next Post