আমি উদিব আবার সূর্যের মতো
দীপ্ত দারুন তেজে
আমি ফিরিবো আবার রাহুগ্রাস হতে
শঙ্খ উঠিবে বেজে।
আমি ওড়াবো হেলায় হতাশার মেঘ
প্রবল বায়ুর বেগে
আমি ছুটিবো আবার আশার কিরণে
রহিবো সবার আগে।
আমি শান্ত সমীরে শ্যামের বাঁশরী
গাহিবো প্রেমের গান
আমি রুদ্রের তেজে কালবৈশাখী হয়ে
ভাঙিবো সকল বিধান।
আমি গ্রীষ্মের মত দারুন দহনে
পোড়াবো জীর্ণ-জরা
আমি ঝড়িবো আবার শ্রাবন ধারায়
ঢালিবো প্রাণের ধারা।
আমি বহিবো কখনো শান্ত ধারায়
জীবনের কথা বলি
আমি উঠিব মাতিয়া দুকূল প্লাবিয়া
ফেলে যাবো নব পলি।
আমি রাঙাবো আবার প্রাণের রঙেতে
এক নূতন প্রভাত ছবি
সৃষ্টি সুখের উল্লাসে মাতিয়াছি আমি
ওরে আমি যে নূতন কবি।
আমি গাহিবো আবার জীবনের গান
কোন্ অজানা বাউল সুরে
আমি নাচিবো আবার নূতন ছন্দে
বোল তুলে মোর ঘুঙুরে।
আমি ঝরিবো কোথাও শুষ্ক কুসুমে
ধুলায় যাইবো ঢাকি
আমি ফুটিবো আবার বনফুল হয়ে
নতুন সুবাস মাখি।
নিভে যাবো আমি চিতার আগুনে
সকলি করিবো শেষ
আমি জ্বলিবো আবার কূলের প্রদীপে
রেখে যাবো মোর রেশ।
